
অধিনায়ক তেম্বা বাভুমা ও ডেভিড মিলারের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ষষ্ঠবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
গতরাতে সিরিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৩২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ডারবানে সিরিজের প্রথম ওয়ানডে ৬৭ রানে জিতেছিল প্রোটিয়ারা।
জোহানেসবার্গে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে প্রথম বলে ওপেনার আইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর কুইন্টন ডি ককের সাথে ৩৬, ম্যাথু ব্রিটস্কির সাথে ৫৭ এবং মিলারকে নিয়ে ১৩২ বলে ১৫৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়েন বাভুমা।
ডি কক ১৫, ব্রিটস্কি ৩৪ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন বাভুমা ও মিলার। ৫৭তম ওয়ানডেতে বাভুমা ষষ্ঠ এবং ১৮০তম ম্যাচে মিলার অষ্টম সেঞ্চুরি করেন।
১০টি চার ও ২টি ছক্কায় বাভুমা ১১৬ বলে ১০৩ এবং মিলার ১২ চার ও ৯ ছক্কায় ৯৩ বলে ১৪২ রান করেন। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে অস্ট্রেলিয়ার পেসার জ্যাক এডওয়ার্ডস ৬৭ রানে ৫ উইকেট নেন।
৩৬৬ রান তাড়া করতে নেমে ১০২ বলে ১৩০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দুজনই ব্যক্তিগত ৮৪ রানে আউট হন। মার্শ ৫৩ বল খেলে ১০টি চার ও ৫টি ছক্কা এবং হেড ৭৬ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন।
মার্শ-হেডের পর অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। কুপার কনোলি ১০, অ্যালেক্স ক্যারি ১৭, ম্যান রেনশ ৩২, ক্যামেরুন গ্রিন ১৭ ও এডওয়ার্ডস ২৫ রানে ফেরেন। এতে ২৫১ রানে ৬ উইকেট পতনে হারের মুখ ছিটকে পড়ে অস্ট্রেলিয়া।
শেষ দিকে ২ চার ও ৫ ছক্কায় জাভিয়ার বার্টলেটের ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে হারের ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। ৪৯ দশমিক ৫ ওভারে ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩টি, মার্কো জানসেন-কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিলার।








