
তিন ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে কাল মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা ও স্বাগতিক ইংল্যান্ড। তবে এ ম্যাচে স্বাগতিক দলের হয়ে খেলতে পারছেন না উইকেটরক্ষক-ব্যাটার জশ বাটলার।
প্রথম দুই ওয়ানডে শেষে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করায় তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।
এ ম্যাচে বাটলারের জায়গায় ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন ড্যান লরেন্স।
গত বৃহস্পতিবার হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে রান নেয়ার সময় বাঁ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাটলার। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে পাঁচটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৬৯ রান করেন বাটলার।
বাটলারের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি ইসিবি এটিও নিশ্চিত করেছে, বাটলারের বিকল্প হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে নেয়া হয়েছে লরেন্সকে।
বাটলারের জায়গায় একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। দেশের হয়ে ৩ ওয়ানডেতে মাত্র ২২ রান করেছেন তিনি।
দলে কক্স থাকার পরও বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে লরেন্সকে। এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার। দেশের হয়ে ১৭টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে লরেন্সের। ৩১ ইনিংসে ৭ হাফ সেঞ্চুরিতে ৮৫৮ রান করেছেন তিনি।
গেল মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংস ব্যাট করে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকান লরেন্স। ২৮টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৭০ রান আছে লরেন্সের।
চেষ্ট্রার-লি-স্ট্রিটে সিরিজের প্রথম ওয়ানডে ৮৯ রানে ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ ১৬ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাসস








