
অধিনায়ক কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা ১৬ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। সিরিজের প্রথম ম্যাচ ৮৯ রানে জিতেছিল ইংল্যান্ড।
লিডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৫ রানে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা।
দ্বিতীয় উইকেটে ১২০ বলে ১৩৭ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও কুশল। ৫৪ রান করা কামিন্দুর বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নেন কুশল। দলের রান ২০০ পার করে থামেন তিনি। ১৪টি চার ও ৩টি ছক্কায় ১০০ বলে ১২১ রান করেন কুশল।
দলীয় ২২২ রানে কুশল ফেরার পর শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন পাভান রত্নানায়েকে, জেনিথ লিয়ানাগে ও দুনিথ ওয়েলালাগে। রত্নানায়েকের ৪৮, লিয়ানাগে ৩২ ও ওয়েলালাগের ১৬ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও রেহান আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ১১৯ বলে ১৪৩ রানের জুটি গড়েন ইংল্যান্ডের দুই ওপেনার টম ব্যান্টন ও বেন ডাকেট। দলীয় ১৫৩ রানের মধ্যে ইংলিশ দুই ওপেনারকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার পথ দেখান স্পিনার ওয়েলালাগে। ব্যান্টন ৭৩ ও ডাকেট ৬৭ রান করেন।
২০৩ রানে ৪ উইকেট পতনের পরও ইংল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন জশ বাটলার ও উইল জ্যাকস। কিন্তু ২৫৪ রানে বাটলার আহত অবসর নিলে পথ হারায় ইংলিশরা। বড় কোনো জুটি না হওয়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রান তুলে ম্যাচ হারে স্বাগতিকরা।
ইনিংসের ৪৮তম ওভারে আবারো ব্যাট হাতে নেমে ৬৯ রানে আউট হন বাটলার। ৫২ রান করেন জ্যাকস।
শ্রীলঙ্কার ওয়েলালাগে ৩টি, দিলশান মধুশঙ্কা ও ইশান মালিঙ্গা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন কুশল।
আগামী ২৭ সেপ্টেম্বর ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।








