উড
অনুশীলনে মার্ক উড। ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড পেসার মার্ক উড। দীর্ঘদিন ধরে ইনজুরির সাথে লড়াইয়ে হার মেনে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৩৬ বছর বয়সী উড।

Advertisement

২০১৫ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উডের। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ৩৮ টেস্টে ১১৯টি, ৭০ ওয়ানডেতে ৮০টি এবং ৩৮ টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট শিকার করেছেন এই পেসার।

২০১৯ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উড। ১০ ম্যাচ খেলে ৪৬৩ রানে ১৮ উইকেট শিকার করেন তিনি। 

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলেও ছিলেন উড। ইনজুরির কারণে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি তিনি। ওই আসরে ৪ ম্যাচে অংশ নিয়ে ১০৮ রানে ৯ উইকেট নেন উড। 

২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলতে পেরেছেন উড। ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলেছেন তিনি। হাঁটুর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। পরে সিরিজের বাকি অংশ থেকেও ছিটকে পড়েন উড। তাই ইংল্যান্ডের জার্সিতে গত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি উডের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকলো। 

সামাজিকযোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে উড বলেন, ‘গত এক বছরে ইনজুরি নিয়ে কঠিন রিস্থিতিতে এটি হয়তো খুব একটা আশ্চর্যজনক নয়। আমি সবসময়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং চোট কাটিয়ে মাঠে ফিরে মানুষকে ভুল প্রমাণ ও নিজের সক্ষমতা দেখানোর চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, এবার আমি সেই লড়াইয়ে হেরে গেছি।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা আর সম্ভব নয়। গত এক বছরে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন ধীরে ধীরে আমার ভেতর থেকে শেষ হয়ে গেছে। ইংল্যান্ডের হয়ে খেলা ছিল আমার জন্য সর্বোচ্চ সম্মানের বিষয় এবং একটি স্বপ্নপূরণের মতো ঘটনা।’

ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘একটি দুর্দান্ত ক্যারিয়ারের শেষ অধ্যায় দেখতে পাওয়াটা ছিল সৌভাগ্যের বিষয়। অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপে জয়ে অবদান রাখা এবং বল হাতে দর্শকদের রোমাঞ্চিত করে তোলার মতো কৃতিত্ব খুব কম খেলোয়াড়ই অর্জন করতে পারেন।’