সেমিতে ভারতকেই পেল বাংলাদেশ

 ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সেমিফাইনালে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কোয়ার্টার ফাইনালে গতকাল স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। আগামীকাল জাপানের নিশিনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। 
মাত্র কয়েক দিন আগে নারী এশিয়া কাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। এবার এশিয়ান গেমসের মঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। বাংলাদেশ অবশ্য কোয়ার্টার ফাইনাল না খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে। চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। কোনো বল মাঠে গড়ানোর সুযোগ না থাকায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের আইসিসি টি-২০ রথ্যাংকিং বিবেচনায় নেয়া হয়। সেখানে চীনের চেয়ে অবস্থান ওপরে থাকায় সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ।
ভারতকে সেমিফাইনালে উঠতে কোয়ার্টার ফাইনালে হারাতে হয়েছে স্বাগতিক জাপানকে। কোয়ার্টারে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে অলআউট হয় স্বাগতিক জাপান। ভারতের বাঁ হাতি স্পিনার শ্রী চরানি ১০ রানে চার উইকেট নিয়ে জাপানের ব্যাটিংয়ে ধস নামান। শেফালি ভার্মা নেন দুই উইকেট।
জবাবে মাত্র পাঁচ ওভারেই ৫৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। শেফালি ভার্মা ১৫ বলে অপরাজিত ৪০ রান করেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দু’টি ছক্কা। রিচা ঘোষ অপরাজিত থাকেন ১২ রানে। ফলে ৯০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত।
ভারত এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন। ২০২৩ সালে অনুষ্ঠিত হাংজু এশিয়ান গেমসে তারা নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছিল। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য তাদের। অন্য দিকে বাংলাদেশ এশিয়ান গেমসে নারী ক্রিকেটে এর আগে দু’টি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।