শ্রীলঙ্কা
এক ম্যাচ হাতে রেখেই সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথম টি-টোয়েন্টি ১১৯ রানে জিতেছিল হ্যারি ব্রুকের দল।

কার্ডিফে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৫৬ রানের সূচনা করে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙে জোড়া উইকেট তুলে নেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসন। ওপেনার লাহিরু উদারাকে ২১ ও কামিল মিশারাকে শূন্যতে আউট করেন ডসন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনে ৯৫ রানে পঞ্চম ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। এ সময় আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ২১ বলে ৩৭, কামিন্দু মেন্ডিস ১২ ও দাসুন শানাকা ৪ রানে ফেরেন।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক চারিথ আসালঙ্কা ও হাসারাঙ্গা ডি সিলভার ৩৪ বলে ৪৪ রানের জুটিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। আসালঙ্কা ৩১ ও হাসারাঙ্গা ২৭ রান করেন।

ইংল্যান্ডের ডসন ৩টি, জোফরা আর্চার ও জেমি ওভারটন ২টি করে উইকেট নেন।

জবাবে ২৮ বলে ৫১ রানের সূচনা পায় ইংল্যান্ড। দলীয় ৭৯ রানের মধ্যে দুই ওপেনারসহ ৩ উইকেট হারায় ইংলিশরা। দুই ওপেনার জশ বাটলার ১৬ বলে ৩০, আনাইরিন ডোনাল্ড ১৩ বলে ২১ এবং তিন নম্বরে নামা অধিনায়ক হ্যারি ব্রুক ৮ বলে ২৩ রানে থামেন।

চতুর্থ উইকেটে ২৪ বলে ৫৭ রানের জুটিতে ইংল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান টম ব্যান্টন ও জর্ডান কক্স।

ব্যক্তিগত ১২ রানে কক্স থামলে উইল জ্যাকসকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্যান্টন। ২ চার ও ৪ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন ব্যান্টন। জ্যাকস ৩ রান করেন। শ্রীলঙ্কার চার বোলার ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ডসন।

আগামীকাল ম্যানচেস্টারে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল।