নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ, নারী ক্রিকেট
নিগার সুলতানা জ্যোতি ছবি: ফাইল ছবি

এশিয়ান গেমস খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন জাপানে। আসর শুরুর ঠিক আগে সেখান থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। 

প্রকাশ্যেই জানিয়েছেন এশিয়ান গেমস শেষ হওয়ার পর এই ফরম্যাটে আর অধিনায়ক হিসেবে থাকতে চান না তিনি। 

এদিকে, জ্যোতির আকস্মিক এই সিদ্ধান্তে বিব্রত ও হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে চান জ্যোতি। সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো বেশি মনোযোগ দেয়ার কথা জানিয়েছেন তিনি।

বিসিবিকে পাঠানো ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানান জ্যোতি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, বোর্ড এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

বাবু বলেন, ‘ও স্বাচ্ছন্দ্য বোধ করছিল না এবং ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো বেশি মনোযোগ দিতে চাওয়ার কথা জানিয়েছে। ৫০ ওভারের ফরম্যাটে অধিনায়ক থাকতে চায়, তবে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে চায়—এ বিষয়ে একটি ই-মেইলও পাঠানো হয়েছিল।’

এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ একটি আসরের ঠিক আগে জ্যোতির এমন সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে মনে করা হচ্ছে, টুর্নামেন্ট শেষ হওয়ার পর বিষয়টি জানালে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকত।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘এশিয়ান গেমসের আগে নেয়া এই সিদ্ধান্ত আমাকে একদিকে যেমন বিব্রত করেছে, অন্যদিকে গভীরভাবে হতাশও করেছে। যদি কোনো সমস্যা বা জটিলতা থেকেই থাকে, তাহলে দল টুর্নামেন্ট থেকে ফিরে আসার পর আমাকে জানানো যেত। আমরা একসাথে বসে সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম।’

তবে জ্যোতির সিদ্ধান্তের কারণে এশিয়ান গেমসে দলের ওপর যেন কোনো মানসিক চাপ না পড়ে, সেটিই এখন বিসিবির অগ্রাধিকার। গেমস শেষে জ্যোতি দেশে ফেরার পর তার সাথে আলোচনায় বসবে বোর্ড।

বাবু বলেন, ‘তারা ফিরে আসার পর তামিম (তামিম ইকবাল) ও আমি বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এশিয়ান গেমস থেকে ফিরে আসার পর সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো পথ কী হতে পারে, সেটি আমরা ঠিক করব।’

অর্থাৎ, এশিয়ান গেমসই আপাতত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জ্যোতির শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। তবে তার নেতৃত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে এশিয়ান গেমস শেষে বিসিবির সাথে আলোচনার পর।