বাংলাদেশ, নেপাল, ক্রিকেট
নেপালের ক্রিকেটারদের সাথে বাংলাদেশী ক্রিকেটারদের আলাপচারিতা ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে আয়োজিত এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির দেয়া বিজ্ঞপ্তির সূচি অনুযায়ী, ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

সিরিজ আয়োজন নিয়ে সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় বুধবার বিসিবিতে আসেন রাষ্ট্রদূত ভাণ্ডারী। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে তার বৈঠক হয়। 

বৈঠকে প্রস্তাবিত সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরো বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সেই সাথে নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে সিরিজটি তাদের উৎসর্গ করা এবং সিরিজ থেকে অর্জিত লভ্যাংশও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানানো হয়।

বিসিবি জানায়, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিসিবি ও তাদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার তাৎপর্য অনুধাবন করেছে। বাংলাদেশ ও নেপালকে ক্রিকেটের বন্ধন গড়ে তোলার এবং এই শোকের সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেয়ার সুযোগ করে দেবে এই সিরিজটি।

এ ছাড়া নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়মিত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে বিসিবি। দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

নেপালের মাটিতে বাংলাদেশের এই সফর দুই দেশের ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করবে। মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই প্রথমবার নেপালের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ।