বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামতে হলো না বাংলাদেশের নারীদের। টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে কোনো বল মাঠে গড়ানোর আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগে থেকেই বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খারাপ হয়ে যায়। ফলে সময়মতো টসও করা সম্ভব হয়নি। 

খেলা আয়োজনের জন্য মাঠ শুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি। মাঠের অবস্থা পর্যবেক্ষণে আম্পায়াররা তিন দফা পরিদর্শন করেন। কিন্তু প্রতিবারই ভেজা আউটফিল্ডসহ সামগ্রিক পরিস্থিতি খেলার উপযোগী নয় বলে বিবেচিত হয়। 

বিশেষ করে ভেজা মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে কাজে এসেছে দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং।

ম্যাচের আগে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০ নম্বরে, চীন ছিল ৩৭ নম্বরে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হলে তুলনামূলকভাবে উচ্চতর র‍্যাংকিংয়ে থাকা দলকে সেমিফাইনালে পাঠানোর নিয়ম অনুযায়ী বাংলাদেশ পেয়েছে শেষ চারের টিকিট।

এশিয়ান গেমসে এবার বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল এটি। বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনও পুরোপুরি অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। সীমিত সময়ের অনুশীলনেই প্রস্তুতি শেষ করতে হয়েছিল দলকে।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের আগের সাফল্যও উল্লেখযোগ্য। ২০১০ সালের গুয়াংজু ও ২০১৪ সালের ইনচন আসরে রুপার পদক জিতেছিল বাংলাদেশ। আর ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল তারা।

চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এবারও পদকের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশ। এখন সেমিফাইনালের ম্যাচের অপেক্ষায় থাকবে জ্যোতির দল। সূচি অনুযায়ী, শেষ চারে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত; কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা জাপানের।