বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর লোগো ছবি: সংগৃহীত

চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। আগামী ৩ অক্টোবর একসাথে চার ভেন্যুতে মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি।

আট বিভাগীয় দলকে নিয়ে প্রায় সাত সপ্তাহ চলবে এবারের প্রতিযোগিতা। শেষ রাউন্ডের ম্যাচ হবে ১৪ থেকে ১৭ নভেম্বর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট চারটি ম্যাচ।

উদ্বোধনী রাউন্ডে মিরপুরে মুখোমুখি হবে ঢাকা ও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

এবারের এনসিএল হবে এক স্তরের লিগ পদ্ধতিতে। অর্থাৎ আট দলই একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

গত কয়েক মৌসুমে এনসিএলের ম্যাচে ডিউক বল ব্যবহার করা হলেও এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। আগের মতো এবারো কুকাবুরা বলেই হবে প্রতিযোগিতার ম্যাচগুলো।

মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও অনুষ্ঠিত হবে এবারের ম্যাচ।

সংক্ষিপ্ত সূচি
৩–৬ অক্টোবর: সিলেট–ময়মনসিংহ, ঢাকা–রংপুর, খুলনা–বরিশাল, চট্টগ্রাম–রাজশাহী
১০–১৩ অক্টোবর: সিলেট–ঢাকা, ময়মনসিংহ–রংপুর, খুলনা–রাজশাহী, চট্টগ্রাম–বরিশাল
১৭–২০ অক্টোবর: সিলেট–রংপুর, ময়মনসিংহ–ঢাকা, খুলনা–চট্টগ্রাম, রাজশাহী–বরিশাল
২৪–২৭ অক্টোবর: সিলেট–খুলনা, ময়মনসিংহ–চট্টগ্রাম, ঢাকা–রাজশাহী, রংপুর–বরিশাল
৩১ অক্টোবর–৩ নভেম্বর: সিলেট–চট্টগ্রাম, ময়মনসিংহ–খুলনা, ঢাকা–বরিশাল, রংপুর–রাজশাহী
৭–১০ নভেম্বর: সিলেট–রাজশাহী, ময়মনসিংহ–বরিশাল, ঢাকা–খুলনা, রংপুর–চট্টগ্রাম
১৪–১৭ নভেম্বর: সিলেট–বরিশাল, ময়মনসিংহ–রাজশাহী, ঢাকা–চট্টগ্রাম, রংপুর–খুলনা