নেপাল সফরে তিন টি-২০ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক 
আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। এবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের নেপাল সফর। আগামী বছরের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে। 
২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচগুলো আয়োজন করা হবে। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি কঠিন সময়ে নেপালের মানুষের পাশে থাকার বার্তাও দেয়া হবে এই আয়োজনের মাধ্যমে।
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মধ্য দিয়ে সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়। পরে রাষ্ট্রদূত ভান্ডারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সাথে সাক্ষাৎ করেন। সেখানে আসন্ন টি-২০ সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সিরিজটি দুই দেশের বন্ধুত্ব ও সংহতি আরো জোরদার করার একটি সুযোগ। একই সাথে নেপালের ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেয়া হয়েছে। পুরুষ ও নারী দলের সফরবিনিময়, উচ্চ কার্যক্ষমতা কর্মসূচি, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। 
নেপালের বিপক্ষে এখন পর্যন্ত দু’টি টি-২০ খেলেছে বাংলাদেশ। দু’টিই ছিল বিশ্বকাপের ম্যাচ এবং দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুই দল। 
নেপালের বিপক্ষে এখন পর্যন্ত দু’টি টি-২০ খেলেছে বাংলাদেশ। দু’টিই ছিল বিশ্বকাপের ম্যাচ এবং দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুই দল।