
প্রথম সেশনে উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় সেশনে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন খালেদ আহমেদ। বাংলাদেশী পেসারের ৫ উইকেটের নৈপুণ্যে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ১৬১ রানে অলআউট করেছে কেন্ট।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-এর ম্যাচের প্রথম দিনে ৪২ রানে ৫ উইকেট নেন ৩৩ বছর বয়সী এই পেসার। হাসান মাহমুদের অনুপস্থিতিতে তিনিই যেন হয়ে উঠেছেন কেন্টের পেস বোলিংয়ের নেতা।
ক্যান্টারবুরির সবুজ উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেন্ট। শুরুতে অবশ্য সেই সিদ্ধান্তের সুফল মেলেনি। মাইকেল জোন্স ও কিটন জেনিংসের ব্যাটে ভালো শুরু করে ল্যাঙ্কাশায়ার। উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান।
এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন খালেদ। ৩০ রানে জেনিংসকে ফিরিয়ে জুটি ভাঙার পর একে একে রকি ফ্লিন্টফ, ম্যাটি হার্স্ট, স্ট্যানলি ও জেমস অ্যান্ডারসনকে সাজঘরে পাঠান তিনি। শেষ ২ উইকেট নেন পরপর ২ বলে।
এই পারফরম্যান্সে প্রথম শ্রেণির ক্রিকেটে দশমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন খালেদ। তার সাথে বল হাতে দারুণ ছিলেন ম্যাট মিলনসও। ২৮ রানে ৪ উইকেট নেন এই পেসার।
ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে কেন্টও। ৭ উইকেটে ১১৭ রান তুলে ফেলে তারা। তবে জ্যাক ক্রলির অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে দিন শেষে কেন্টের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫১ রান।
ল্যাঙ্কাশায়ারের হয়ে জেমস অ্যান্ডারসন ও টম বেইলি নেন ৩টি করে উইকেট।







