অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ সাবেক অধিনায়করা

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানে আটক সাবেক ক্রিকেটার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক। তারা ইমরান খানের শারীরিক অবস্থা ও বন্দিদশা নিয়ে উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে আবেদন জানিয়েছেন।
আবেদনপত্রে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। সাবেক এ  তারকারা  স্পষ্ট করেছেন, কোনো কূটনৈতিক বা রাজনৈতিক অবস্থান থেকে নয় বরং সাবেক অধিনায়ক হিসেবে মানবিক কারণেই তারা বিষয়টি নিয়ে কথা বলছেন।
চিঠিতে ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে কোনো অবস্থান না নেয়ার কথা জানিয়ে বলা হয়েছে, সেটি পাকিস্তানের নিজস্ব বিষয়। তবে আটক অবস্থায় যেকোনো ব্যক্তির সাথে মানবিক আচরণ নিশ্চিত করা মৌলিক মানবিকতার প্রশ্ন। ইমরানের স্বাস্থ্য নিয়ে তার ছেলে ও বোনেরা কয়েক মাস ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের অভিযোগ, কারাবন্দী অবস্থায় ইমরান পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না, পরিবারের সাথে যোগাযোগ সীমিত এবং আইনজীবীদের সাথেও তার যোগাযোগের সুযোগ কম।
এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের ২২ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়ে ইমরানের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। তারা ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগসহ তার স্বাস্থ্য পরীক্ষা করতে স্বাধীন মেডিক্যাল বোর্ডকে সুযোগ দেয়া, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করা এবং চিকিৎসকদের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।