শচীনকে পেছনে ফেললেন টেইলর

 ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের নতুন রেকর্ড গড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে তিনি ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন।
২০০৪ সালের ২০ এপ্রিল একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। ২২ বছর ১৪৮ দিন পর সেই মাঠেই খেলতে নেমে ৪০ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গড়েছেন নতুন ইতিহাস। টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ২২ বছর ৯১ দিন।
তবে নারী-পুরুষ মিলিয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড এখনো ভারতের সাবেক ব্যাটার মিতালি রাজের। ১৯৯৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তার ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল ২২ বছর ২৭৪ দিন। টেলরের পথচলা অবশ্য টেন্ডুলকারের চেয়ে অনেক ভিন্ন। জিম্বাবুয়ের আন্তর্জাতিক সূচি তুলনামূলক সীমিত হওয়ায় তিনি বছরে গড়ে ১০টিরও কম ওয়ানডে খেলেছেন। ২০২৫ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর এক বছরের বেশি সময় ওয়ানডে থেকে দূরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি টেলরের ২০৮তম ওয়ানডে। আগের ২০৭ ম্যাচে ৬৭০৪ রান ও ১১টি সেঞ্চুরি করেছেন তিনি। টেস্টে ৩৭ ম্যাচে ২৪২০ এবং টি-২০তে ৫৮ ম্যাচে ১১৮৫ রান রয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ারে জিম্বাবুয়ের ক্রিকেটের নানা উত্থান-পতনের সাক্ষি হয়ে থাকা টেলর এবার জায়গা করে নিলেন ক্রিকেট ইতিহাসেও।