
গতকাল বৃহস্পতিবার থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। কখনো টিপটিপ, কখনো ঝুম আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছে চুয়াডাঙ্গার জনপদ। প্রকৃতিতে শীতের আগমনী বার্তার মাঝে এমন অকাল বা টানা বৃষ্টিতে স্বস্তি মিললেও বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কারণ, বৃষ্টির ফোঁটা বাড়লেই থমকে যায় তাদের প্রতিদিনের রোজগারের চাকা।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির প্রভাবে সড়ক ও বাজারগুলোতে স্বাভাবিক কোলাহল অনেকটাই কম। ছাতা বা পলিথিন মাথায় দিয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল সীমিত। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যানচালক, ব্যাটারিচালিত ইজিবাইকচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুরদের আয়ে।
চুয়াডাঙ্গা বড়বাজারে বৃষ্টিতে ভিজে মাথায় পলিথিন জড়িয়ে ভ্যানে তেলের ড্রাম টানতে দেখা যায় ভ্যানচালক হাসান আলীকে। ভেজা মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, ‘সকাল থেকে কাজ করলে তবেই দিনের খাবার জোটে। বৃষ্টি নামলে মানুষ ঘর থেকে কম বের হয়, যাত্রী বা মালপত্রও মেলে না। সকাল থেকে অপেক্ষা করে মাত্র একটি ভাড়া পেয়েছি। আয় তেমন না হলেও সংসারের কথা ভেবে ভিজেই কাজ করছি।’
একই চিত্র দেখা যায় ব্যাটারিচালিত ইজিবাইকচালক খাইরুলের ক্ষেত্রেও। বৃষ্টির মধ্যে দর্শনা থেকে ২০ কিলোমিটার দূরের জেলা শহরে এসে গাড়ি চালানোর কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টিতে ভিজে রাস্তায় থাকা খুব কষ্টের। কিন্তু ঘরে বসে থাকলে তো সংসার চলবে না। তাই ভিজেই বের হয়েছি, তবে যাত্রী কম থাকায় আয়ও আশানুরূপ হচ্ছে না।’
কাজ বন্ধ থাকার শঙ্কায় দিন কাটে নির্মাণশ্রমিক ইদ্রিস আলীর মতো মানুষের। তিনি বলেন, ‘আমাদের মতো দিনমজুরদের জন্য একদিন কাজ না থাকা মানেই একবেলা বা সারাদিনের খাবারের টানাটানি। বৃষ্টিতে কাজ বন্ধ থাকলে বাজার খরচ জোগানো কঠিন হয়ে পড়ে।’
শুধু শ্রমজীবী শ্রেণিই নয়, বৃষ্টির কারণে জেলার নিচু গ্রামীণ সড়কগুলোতে পানি জমে সাধারণ মানুষের যাতায়াতেও কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। তবু পেটের দায়ে ও পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বৃষ্টি-কাদা উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন অসংখ্য মানুষ।
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বৃষ্টিভেজা আবহাওয়ায় শহরের চিরচেনা ব্যস্ততা কিছুটা স্তিমিত। তবে প্রকৃতির এই বৈরিতার মাঝেও থেমে নেই চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষের জীবনযুদ্ধ, কারণ তাদের জীবনে কাজ থামলে সংসার থামে, আর আয় বন্ধ হলে নিভে যায় চুলার আগুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









