থানা ও পাশে রাখা গাড়িতে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা
থানা ও পাশে রাখা গাড়িতে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নয়া দিগন্ত

আট দফা দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দিন ধরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

জেলার দু’টি থানা, তিন সংসদ সদস্যের বাড়ি, বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, বিএনপির দলীয় কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা, পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়। এছাড়া চলমান সড়ক অবরোধে অচল হয়ে পড়ে জেলার প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলো। পাশাপাশি গত কয়েক দিনের এসব ঘটনায় দুই পুলিশ, বিজিবি, সাংবাদিক ও আন্দোলনকারী মিলিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পরই মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। হামলার সময় থানায় অবস্থানরত পুলিশ সদস্যরা সরে যান।

এরপর দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরে বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও ভাঙচুর চালানো হয় কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে।

বৃহস্পতিবার ভোর থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে গাছ কেটে, গাছের গুঁড়ি ফেলে এবং ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এরপর বিভিন্ন এলাকা থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে নেতাকর্মীদের জেলা শহর অভিমুখে যাত্রা করতে দেখা যায়।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইদিন বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়।

পরে হামলাকারীরা ঘোনাপাড়া বাজারে গিয়ে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর চালান এবং ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেন। যাওয়ার পথে রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বাজারের একটি দোকানেও ভাঙচুর করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পাইলট স্কুলের সামনে বিক্ষোভ মিছিলের মুখে পড়ে হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক আবু আলম (৫২)। এর আগে আসামি গ্রেফতারের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও থানা ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা শুরু হয় এবং একপর্যায়ে মসজিদে মাইকিং করা হলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালানো হয়।

হামলাকারীরা থানায় ভাঙচুরের পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেন। এ সময় পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হন। সেখানে বিজিবির একটি এপিসি ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন দেয়া হয়। ওই ঘটনায় দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

একইদিন রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও তার আত্মীয়-স্বজনের আরো ১৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে রাত পৌনে ৯টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের মারধরে গুরুতর আহত হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান ও নব ধরার রাকিব চৌধিরী।

গতকাল বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার অন্তত পাঁচটি স্থানে ও গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে নিচুপাড়া পর্যন্ত সড়কের পাশের ১০টিরও বেশি স্থানে গাছ কেটে মহাসড়কের উপর ফেলে অবরোধ করা হয়। এছাড়া ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে রাখায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত কয়েকদিনের ঘটনায় টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেলেও ফায়ার সার্ভিসের উপস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চোখে পড়েনি। কোথাও কোথাও এপিবিএন ও স্থানীয় পুলিশ সদস্যদের সরে যেতে দেখা গেছে।

তবে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা রয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার দুপুরে আরো ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ নিয়ে জেলায় মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।