
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সিলেট নগরীর নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডগুলোর সাথে সমানতালে উন্নয়নের পথে এগিয়ে নেয়া হবে। আগামী তিন মাসের মধ্যে নগরীর সব এলাকা সোডিয়াম বাতির মাধ্যমে আলোকিত করা হবে। নগরীর কোনো এলাকা অন্ধকারে থাকবে না।’
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী রোড এবং ৪১ নম্বর ওয়ার্ডের বরায়া পশ্চিমভাগ সড়কে স্ট্রিটলাইট স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মানুষের চলাচলের সুবিধার্থে সড়কবাতি স্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্ক মানুষ রাতে মসজিদে নামাজ পড়তে যেতে কোনো অসুবিধার সম্মুখীন না হন। সড়ক আলোকিত হলে তাদের চলাচল সহজ ও নিরাপদ হবে। আলো থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যাও কমে আসবে।’
সিলেট মহানগরীকে আলোকিত করতে ১৯২ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, ‘শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই নগর উন্নয়ন সম্পূর্ণ হয় না। সড়কগুলোও আলোকিত করতে হবে। নগরীর প্রতিটি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রকল্প নেয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। আগে এসব এলাকার সড়ক ছিল সাত থেকে আট ফুট প্রশস্ত। এখন ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। এলাকাগুলো সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না হলে বাসিন্দারা সড়কবাতির মতো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। নগরায়ণের ফলে সামাজিক উন্নয়ন হচ্ছে, ভূমির মূল্য বাড়ছে ও মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। আমরা চাই, নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডগুলোর সাথে সমানতালে এগিয়ে যাক।’
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো: আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদের শাহী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মালেক পোকন, সেলিম আহমদ, এহসান আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ফাহিম আহমদ, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাদ তুষার, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, জহিরুল ইসলাম মিশু, সংগঠনের বর্তমান সভাপতি আব্দুল গণি তালুকদার সাজন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, কোষাধ্যক্ষ আল নাহিয়ান আল রাফি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর আলম রাফি, রাসেল আহমেদ বেনু, সেবুল আহমদ ও জেবুল আহমদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








