ডিমলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো: মোজাম্মেল হককে। নয়া দিগন্ত

নীলফামারীর ডিমলায় নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো: মোজাম্মেল হককে (৭০) বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক নীলফামারী-১ আসনের সাবেক এমপির ভগ্নিপতি। তার বিরুদ্ধে সাবেক ওই এমপির প্রভাব খাটিয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) রাতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশরাফুল ইসলাম নয়া দিগন্তকে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মোজাম্মেল হক মোজাম উপজেলার দক্ষিণ সোনাখুলি চাপানি গ্রামের মৃত আব্দুল্লাহ সরকারের ছেলে এবং নীলফামারী-১ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভগ্নিপতি।

স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের অভিযোগ সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে মোজাম্মেল হক মোজাম তার শ্যালক সাবেক এমপির রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির অপব্যবহার করে পুরো ঝুনাগাছ চাপানী ইউনিয়নকে ত্রাসের রাজত্বে পরিণত করেছিলেন। এলাকায় বিরোধী মতের নেতাকর্মীদের ওপর পাইকারি হারে মিথ্যা মামলা দায়ের, বর্বরোচিত নির্যাতন এবং দমন-পীড়ন ছিল তার নিত্যদিনের ঘটনা। শুধু তাই নয়, তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় ভাঙচুর, আসবাবপত্র তছনছ এবং ব্যাপক লুটপাটের কর্মকাণ্ডেও সরাসরি নেতৃত্ব দিয়েছিল।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করে তুলতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি চক্র ভয়াবহ সন্ত্রাসী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ডিমলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্তে লিপ্ত একটি সন্ত্রাসী চক্রের অন্যতম হোতা ও মদদদাতা হিসেবে কাজ করছিল এই সাবেক ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম বলেন, ‘আটক মো: মোজাম্মেল হককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। কোনো ধরনের অপরাধী ও ষড়যন্ত্রকারীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া কঠোরভাবে সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।’