ককটেল
ককটেল। নয়া দিগন্ত

খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার পর কয়েক মিনিটের ব্যবধানে গুরুত্বপূর্ণ এসব স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল মেরেই পালিয়ে যান বলে জানিয়েছেন আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ।

তিনি বলেন, ককটেল নিক্ষেপের পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

এর কয়েক মিনিট পর আদালতের পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মাঠের মাঝামাঝি ও সার্কিট হাউসের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে থাকা লোকজন ছুটে এসে কয়েকজন সন্দেহভাজন লোককে ধাওয়া করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর সার্কিট হাউস এলাকায় পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তবে বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত বস্তু কী ছিল এবং কারা এর সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন বলেন, জজকোর্ট ও সার্কিট হাউস এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে খুলনা নগর ভবনেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পরপর গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।