
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
ডা: কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাব নেতা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী ডা: কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় ক্লিনিক থেকে রোগীরা নিরাপদ স্থানে সরে যান।
ভাঙচুর ও আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনার বিষয়ে আমরা জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








