
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মাওয়া রুটে খুলনা-গোপালগঞ্জ-ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে হঠাৎ ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ইমাদ পরিবহন, ফাল্গুনি, দোলা, এনাসহ সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়। ফলে আগেই টিকেট কেটে রাখা যাত্রীরা কাউন্টারে এসে ভোগান্তিতে পড়েন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দৌলতপুর কাউন্টারের ম্যানেজার নাঈম হোসেন বলেন, লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা আটক করা হচ্ছে। ফলে নিরাপত্তার কারণে মালিকপক্ষ আজ বুধবার দুপুর ১টার পর থেকে বাস চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে। ফলে মাওয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া রুটে পুনরায় বাস চলাচল করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নতুন রাস্তার মোড় কাউন্টারে যোগাযোগ করা হলে স্টাফ রামু জানান, দুপুরের পর থেকে ওই কাউন্টার থেকে কোনো টিকেট বিক্রি করা হচ্ছে না। তবে ওই কাউন্টারের সোনাডাঙ্গা বাস টার্মিনালস্থ প্রধান অফিসে ফোন দেয়া হলে তারা কেউ ফোন ধরেননি।
এদিকে আগেভাগেই যারা টিকেট কেটেছিলেন তারা কাউন্টারে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ।
সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সব বাস কাউন্টার বন্ধ। ফলে যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। অপরদিকে কিছু লোকাল ট্রিপ দেয়া বাস যশোর ঘুরে ঢাকা যাওয়ার কথা বলে দুই-তিন গুণ বেশি ভাড়া হাঁকাচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








