
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্বে দেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ’, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।
জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মানুষ রাজপথে নেমে এসেছে। দেশের আইনশৃঙ্খলার উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। হাসিনার বিচার দাবিতে দেশবাসী ঐক্যবদ্ধ। মহিপালের খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
আওয়ামী লীগের ইতিহাস খুনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ মুজিব স্পিকারকে খুন করেছে। আওয়ামী লীগ পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে। যুবলীগ জঙ্গি সংগঠন, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন। হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগকে পুর্নবাসন করলে দেশের জনগণ তাদের প্রত্যাখান করবে। জামায়াত-শিবিরের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ। সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়-ইনসাফের সংগ্রাম-লড়াই চালিয়ে যাব।’
জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ বলেন, ‘বিগত ১৭ বছর শাসনের নামে তারা নিজস্ব সম্পত্তি বানিয়ে লুটেপুটে খেয়েছে। চব্বিশের ছাত্র-জনতার প্রতিরোধে পালিয়ে যাওয়ার পর আবার নতুন করে স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে চায়। আপনাদের অপকর্ম জাতি ভুলে যায়নি, আগামী ১০০ বছরেও ভুলবে না। দেশের মানুষ স্বাধীনতা-সার্বভোমত্ব রক্ষায় আবারো ঐক্যবদ্ধ হবে।’
ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনীতি খুন, গুমের রাজনীতি। তারা নিরীহ মানুষের ওপর নির্যাতন করে লগি-বৈঠার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান বলেন, ‘পতিত আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। দলটি গুম, খুন, সন্ত্রাসের মাধ্যমে দেশকে ব্যর্থ করেছিল। তারা নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।’
তিনি আরো বলেন, ‘শহীদদের উত্তরসূরীরা বেঁচে থাকতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। গোপালগঞ্জে এমপির বাড়িতে, পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। কৃষকদল নেতাকে হত্যা করা হয়েছে, সরকারি দল নির্বিকার। আওয়ামী লীগকে যারা পুর্নবাসন করবে তাদের পিঠে ছোবল মারবে।’ এ সময় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








