১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন)-এর প্রেস ব্রিফিং
১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন)-এর প্রেস ব্রিফিং। নয়া দিগন্ত

সিলেটে সীমান্তের নিরাপত্তায় গতিবিধি পর্যবেক্ষণে সকল ঝুকিপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া স্থাপন করা হয়েছে সার্চলাইট এবং সার্বক্ষণিক টহল দিচ্ছে থার্মাল ড্রোন।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সিলেট সেক্টরের সকল ঝুঁকিপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনের ব্যাপক ব্যবহার করছে বিজিবি। সিলেট সীমান্তের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক, সজাগ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরো সুসংহত করার লক্ষ্যে বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুসরণ করে সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে।

বিজিবি আরো জানায়, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন কর্তৃক নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

এছাড়া সীমান্ত নজরদারি অধিকতর কার্যকর ও আধুনিকায়নের লক্ষ্যে সিলেট সেক্টরের অধীনস্থ সকল ইউনিটে সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর পাশাপাশি এটিভি ও স্পিডবোটের মাধ্যমেও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি কর্তৃক গৃহীত এসব পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিবি জানিয়েছে, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর, ১১টি ফিউজ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়াও এ সময়ে সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ ১৭৮ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

এ সময় চোরাচালান দমনের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে নয়; বরং সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে নিয়মিত সমন্বয় রয়েছে।