
কক্সবাজারের টেকনাফে আহত একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন শনাক্ত করেছেন চিকিৎসকরা। এর মধ্যে দু’টি ক্ষত রয়েছে পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের আওতাধীন গভীর বনাঞ্চলে হাতিটির অবস্থান শনাক্তের পর বন বিভাগের উদ্যোগে সেটিকে চিকিৎসা দেয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে আহত হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছিল। বুধবার সকাল থেকে বন বিভাগের সদস্য ও চিকিৎসক দলের লোকজন আবারো অনুসন্ধান শুরু করেন। পরে শীলখালীর গভীর বনাঞ্চলে হাতিটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর ট্রানকুইলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে নিয়ন্ত্রণে এনে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো: তহিদুল ইসলাম জানান, আহত হাতিটির অবস্থান শনাক্তের পর ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেয়। চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া যায়। এর মধ্যে দু’টি পায়ে ও বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।
তিনি আরো জানান, হাতিটির চিকিৎসায় বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন।
এর আগে, বাহারছড়ার জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দু’টি বন্যহাতিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন নজরে আসে তাদের। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে আহত হাতিটির সন্ধানে বনের ভেতরে তল্লাশি শুরু হয়।
দুই দিন পর হাতিটির অবস্থান শনাক্ত এবং শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়ার ঘটনায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিভাবে হাতিটি গুলিবিদ্ধ হলো, কারা এর সাথে জড়িত এবং বন্যপ্রাণীর আবাসস্থলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে কি-না— তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্যহাতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী ও বন-প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ। তাই আহত হাতিটির চিকিৎসা ও পরবর্তী পর্যবেক্ষণের পাশাপাশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্তে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








