কুয়াশার চাদরে ঢেকেছে চারপাশ
কুয়াশার চাদরে ঢেকেছে চারপাশ। নয়া দিগন্ত

উত্তরের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেল গড়ানোর সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। সন্ধ্যা নামতেই বাড়ে শীতের প্রকোপ।

Advertisement

রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। এতে ক্রমেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল  ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘলা থাকা এবং বাতাসের স্থির অবস্থার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। মেঘের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে মাটি তেমন উত্তপ্ত হচ্ছে না এবং দিনের বেশিরভাগ সময় ঠান্ডা অনুভূত হচ্ছে।

এছাড়া মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও বর্তমান আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাওয়ায় বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কের কাছাকাছি পৌঁছায়। এতে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণায় পরিণত হয়। ফলে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি কিংবা কুয়াশার মতো পানির কণা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

এমন আবহাওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে শীতের আমেজ বাড়তে শুরু করেছে।