কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ। নয়া দিগন্ত

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একের পর এক আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরে উপজেলা যুবদলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

পতিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মিলিত হয় এবং সেখানে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় নেতাকর্মীরা পতিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার উত্তরসূরীদের কোনো কার্যক্রম এই দেশে পরিচালিত হতে পারে না। তারা পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেঁচে থাকতে তা আমরা হতে দেবো না।’