আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক
আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক। নয়া দিগন্ত

টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরের কোনো এক সময় এই আগুন দেয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Advertisement

এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দো’তলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছিল। সাথে সাথেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তারলাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।