
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের উলাইল এলাকায় কর্মবিরতি ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের খাবার বিরতির (লাঞ্চ) পর ‘আল মুসলিম গ্রুপ’-এর শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মহাসড়ক অবরোধ ও পুলিশের হস্তক্ষেপ
কারখানা ছুটি ঘোষণার পর বেশিরভাগ শ্রমিক বাসাবাড়িতে ফিরে গেলেও কয়েকশ’ শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ২টা ৪০ মিনিটে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শিল্প পুলিশ, সাভার মডেল থানা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরে পুলিশ সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে না গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বর্তমানে যান চলাচল স্বাভাবিক
পুলিশের অভিযানের পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এর ফলে বিকেল সোয়া ৩টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম নয়া দিগন্তকে জানান, ‘মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। হেমায়েতপুরের পদ্মার মোড়ে সারাদিন স্বাভাবিক ছিল।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








