
চুয়াডাঙ্গা সদরের বেগমপুর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, শিল্প লবণ ও অননুমোদিত রং ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেগমপুর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি খাদ্য তৈরিতে ক্ষতিকর শিল্প লবণ ও অননুমোদিত রং ব্যবহার করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জসিম হোটেল নামের একটি প্রতিষ্ঠানে বাসি ও পচা খাবার সংরক্ষণ করে রান্নার কাজে ব্যবহারের প্রমাণ পাওয়ায় পাঁচ হাজার টাকা এবং মেসার্স জিহাদ স্টোরকে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলেই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে বাজারের বিভিন্ন ফল, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল আইন-শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








