
ওষধ কিনলে মাছ সবজি কিনতে পারি না, কিন্তু ওষুধ না খেলে তো একেবারেই মারা যাবো, না খাওয়ারও কোনো উপায় নেই, ওষুধের দাম বাড়লেও আয় তো আর বাড়ছে না কথাগুলো বলছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর এলাকার দুলাল মিয়া। তিনি পেশায় একজন অটোরিকশা চালক বয়স ৫০ ছুই ছুই ছেলে মেয়ে না থাকায় সংসারের ব্যয় বাড় সামলানোই তার কাছে অনেক কষ্টসাধ্য ব্যাপার। তিনি জানান আমি একজন হার্টের রোগী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর পর ডাক্তার এমন কিছু ওষুধ লিখে দিয়েছে যেগুলো সারাজীবন খেয়ে যেতে হবে।
খোজ নিয়ে জানা যায়, দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ২৭টি, এসকেএফ ফার্মাসিউটিক্যাল ২০টি, এরিস্টো ফার্মা ১১টি, একমি একমি ল্যাবরেটরীজ ২০টি ওষুধের দাম বাড়িয়েছে, এর মধ্যে রয়েছে এরিস্টো ফার্মার বহুল ব্যবহৃত হৃদরোগের ওষুধ, মেটা কার্ড এম আর আগে ছিল ১০ টাকা এখন বেড়ে হয়েছে ১১ টাকা ৫০ পয়সা, কোলেস্টেরলের ওষুধ রুবাস্টিন ১০ এমজি আগে ছিল ২৪ টাকা এখন ২৬ টাকা, ডায়াবেটিসের ঔষধ গ্লুভান প্লাস ৮৫০ এমজি ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা, ডায়াবেটিসের ওষুধ লিনাগ্লিপ ৫ এমজি ২২ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫ টাকা।
বদহজমের জন্য বহুল ব্যবহৃত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের অমিডন ট্যাবলেট ৫২ টাকা প্রতি পাতা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা, কোলাজেন প্রোটিন জয়িনিক্স প্লাস প্রতি ট্যাবলেট ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা, কোলাজেন প্রোটিন জয়িনিক্স টি এস ২৫ টাকা থেকে বেড়ে ২৯ টাকা হয়েছে, ব্যথার ওষুধ রিজারভিক্স পাঁচ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে সাত টাকা।
একমি ল্যাবরেটরীজের ঠান্ডা শ্বাস কষ্টের ওষুধ মোনাস ৪ এমজি ৭.৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে আট টাকা ও মোনাস ৫ এমজি ট্যাবলেট নয় টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা। গ্যাস্ট্রিকের ওষুধ পিপিআই পাঁচ টাকা থেকে বেড়ে হয়েছে ছয় টাকা, বদ হজমের ওষুধ ডন -এ ৩ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে চার টাকা ৫০ পয়সা।
এসকেএফ ফার্মার হৃদরোগের ওষুধ জি টিএন এস আর পাঁচ টাকা থেকে বেড়ে হয়েছে সাত টাকা, অ্যান্টিবায়োটিক রক্সিম ২০০ এমজি ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪ টাকা, ঠান্ডা কাশের টটি সিরাপ ৬২ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮ টাকা, ডায়াবেটিসের ওষুধ লিগাজিড ২.৫/৫০০ এমজি ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩ টাকা।
উপজেলার সাহেব বাজার এলাকায় ওষুধ কিনতে আসা মাহবুব জানান, আগে যে ওষুধ এক হাজার টাকায় কিনতাম, এখন সেই একই ওষুধ কিনতে ১৪০০ থেকে ১৫০০ টাকা লাগছে। আমার বাবা-মা দু’জনেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী, তাদের নিয়মিত ওষুধ লাগে। কিন্তু হঠাৎ করে সব কোম্পানির ওষুধের দাম এভাবে বেড়ে যাওয়ায় আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বাজারে নিত্যপণ্যের দামের সাথে এখন ওষুধের বাড়তি খরচ মেটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
উপজেলার ওষুধ ব্যবসায়ী সবুজ কুমার দাস জানান, কোম্পানিগুলো এমন ভাবে ওষুধের দাম বাড়িয়েছে যার ফলে নিম্ন আয়ের রোগীরা পড়েছেন অনেক বিপাকে। আবার কিছু কিছু ওষুধের দাম এমনভাবে নির্ধারণ করেছে ৩০ পয়সা ৫০ পয়সা করে যার ফলে অনেক সময় আমাদের অনেক বিপাকে পড়তে হয়। যেমন এসকেএফ ফার্মার লুমনা ১০ মিলি এর দাম ১৩ টাকা ৫০ পয়সা, একমি ল্যাবরেটরীজের ডন -এ চার টাকা ৫০ পয়সা এমন আরো অনেক ওষুধ আছে। খুচরা পর্যায়ে এই খুচরা পয়সার হিসাব মেলানো অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়। অনেক ক্রেতা বাকি রাখেন কিংবা ছোট অঙ্কের ভাঙতি টাকা না থাকায় ক্রেতা-বিক্রেতার মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
এ বিষয়ে চাঁদপুরের ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: গোলাম মোস্তফা জানান, কাঁচামালের দাম বাড়লে ওষুধের দাম বাড়বেই। হেড অফিস বা মূল্য নির্ধারণ কমিটি আমদানিকারকদের সাথে আলোচনার মাধ্যমেই সাধারণত পণ্যের দাম বাড়ে বলে জানান তিনি। এছাড়া প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য অনুযায়ী খুচরা বিক্রির সময় পয়সার হিসাবের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে লেনদেন করলে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের ঝামেলা এড়ানো সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








