কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা যুবদল।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সকালে ভোলা সদর রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নবগঠিত জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসাথে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, পরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকতে হবে।

সমাবেশ বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী, শিশু হত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসর যুবলীগ, ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের  মানুষের নিরাপত্তার স্বার্থে এই অপশক্তিকে রাজপথে কঠোরভাবে মোকাবেলা করা হবে। ককটেল ফুটিয়ে, আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টির কঠোর জবাব দেয়া হবে। বিগত ১৭ বছরের অপকর্ম ও বর্তমানে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিচার করা হবে। ষড়যন্ত্রকারীদের শিকড় উপরে ফেলা হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে পুনরায় এদেশের মানুষকে হয়রানি, নির্যাতন, লুটপাট করার সুযোগ দেয়া হবে না।

তারা আরো বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজার মানুষকে হত্যা করেছে। যার মধ্যে ঘরের মধ্যে মায়ের কোলে থাকা শিশুও ছিল। এই শিশু হত্যাকারী মানবতাবিরোধীদের অবশ্যই বিচার করতে হবে।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা’ ও ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ।

এছাড়া নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মাসুম, সদস্যসচিব বেলাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক রিয়াদ হাওলাদার, সদস্যসচিব সগির আহমেদসহ ভোলা সদর উপজেলা, পৌরসভা, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন উপজেলা, পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস বলেন, ভোলার  মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করব। কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি মোড়ে যুবদলের কর্মীরা পাহারায় থাকবে, যাতে কেউ নাশকতা করে শান্তি নষ্ট করতে না পারে।

ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম বলেন, আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে ১৫ হাজার মানুষকে পঙ্গু করার দায়সহ নানা নির্যাতন-নিপীড়নের কারণে এ দেশের মানুষ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। কিন্তু আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও টায়ার পোড়ানো বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তার পাল্টা জবাব দেয়া হবে।

হুঁশিয়ারি দিয়ে রাইসুল আলম বলেন, যদি একটি টায়ারে আগুন দেয়া হয়, তাহলে তাদের হোন্ডা পুড়িয়ে দিতে হবে। যদি একটি ঘরে আগুন দেয়া হয়, তাহলে তাদের বাড়ি-ঘরে আগুন দেয়া হবে।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।

এদিকে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক রাইসুল আলমকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করে যুবদলের নেতৃবৃন্দ। এর আগে নবগঠিত ভোলা জেলা যুবদলের কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

মিছিলটি ভোলা সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুনবাজার, সরকারি স্কুল মোড়, কালিনাথ বাজার হয়ে পুনরায় জেলা যুবদলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।