ডাকাতি, যাত্রী, জিম্মি, মারধর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, লুট, পুলিশ, আহত, চেয়ারম্যান
চুয়াডাঙ্গার মানচিত্র। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর ও নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। হামলায় দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) ভোরে স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে গহেরপুর কানাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, গভীর রাতে ওই সড়ক দিয়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার গন্তব্যের দিকে যাচ্ছিল। পথের মধ্যে গহেরপুর কানাপুকুর নামক স্থানে পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত সড়কে গাছ ফেলে গাড়ি দুটির গতিরোধ করে।

এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে গাড়ির যাত্রীদের জিম্মি করে ফেলে ও এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের হামলায় গাড়িতে থাকা দুজন সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য দর্শনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দর্শনা থানার ওসি ইসমাঈল হোসেন জানান, কোটচাঁদপুর যাবার পথে না জেনে ভুল পথে ভাঙ্গাব্রীজ অতিক্রমকালে রহস্যজনক ঘটনা ঘটে। তবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।