প্রত্যুষ কুমার মজুমদার, ফেনীর পুলিশ সুপার, ফেনীতে অপরাধ, ফেনীতে চুরি ডাকাতি, ফেনীতে হত্যাকাণ্ড, ফেনী পুলিশ প্রশাসন, এসপি প্রত্যুষের বদলি, ফেনীর আইনশৃঙ্খলা অবনতি
ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। সংগৃহীত

ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। এ সময়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বদলে অবনতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাদের। চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড ও ট্রান্সফরমার চুরিসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে।

Advertisement

একই সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি তাকে গোপালগঞ্জে বদলি করার পর নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন প্রত্যুষ কুমার মজুমদার। যোগদানের দিন সকালেই জেলা শহরে প্রথম মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর ১৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে অন্তত ডজনখানেক মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ গত বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও গিরিশ অক্ষয় একাডেমিতে তালা দেয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় অনেকের দাবি, প্রত্যুষ কুমারকে ম্যানেজ করেই আওয়ামী লীগ মিছিলের আয়োজন করত।

পাঁচ মাসের এ সময়ে জেলার ছয় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং আগের দেড় বছরের তুলনায় পরিস্থিতি আরো নাজুক ছিল বলে দাবি স্থানীয়দের। এ সময়ে কয়েকটি হত্যাকাণ্ড ছাড়াও চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতার ঘটনা ঘটেছে। পুরো জেলা মাদকে সয়লাব ছিল বলেও অভিযোগ রয়েছে।

বিভিন্ন উপজেলায় অপরাধের ঘটনা
ফেনী সদরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের যোগদানের প্রথম দিন ১৫ জুন জহিরিয়া মসজিদসংলগ্ন ডাক্তারপাড়ার একটি বাসায় চুরির ঘটনা ঘটে।

১০ আগস্ট শহরতলির ফতেহপুর এলাকায় মোফাদুল ইসলাম ইয়ামিন নামে এক তরুণকে ছিনতাইকারীরা হত্যা করে। ওই ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি এখনো উদ্ধার হয়নি। হত্যাকাণ্ডটিকে পুলিশ সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।

১৯ আগস্ট শহরের মহিপালে মোহাম্মদ নুরুজ্জামান নামে এক প্রবাসীর বাসায় দিনদুপুরে তার স্ত্রীকে জিম্মি করে ডাকাতি হয়। এ সময় ১৪ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা লুট করা হয়। ওই ঘটনায় এখনো প্রকৃত আসামিদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ১২ সেপ্টেম্বর সদর উপজেলার মধ্যম ধলিয়ায় পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

১৩ সেপ্টেম্বর পুলিশ কোয়ার্টার এলাকায় একটি বাসা থেকে চার ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা চুরি হয়।

১৫ সেপ্টেম্বর ট্রাংক রোডের জয়কালী মন্দিরে জেলা কালচারাল কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

২৬ অক্টোবর ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরি হয়।

২৮ অক্টোবর মা ও মেয়েকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া ফেনী শহরতলির লালপোল থেকে শুঁটকি বোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়। পরে সেটি উদ্ধার করে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়।

৫ সেপ্টেম্বর দাগনভূঞা উপজেলায় স্বামীকে আটক রেখে স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

১২ নভেম্বর জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মোল্লাঘাটা বাজারসংলগ্ন শেখ আহাম্মদ মিয়ার বাড়িতে ডাকাতি হয়। এ সময় পরিবারের ১০ সদস্যকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করা হয়।

গত ২৯ জুন সোনাগাজী উপজেলায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির নয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ২ নভেম্বর একই উপজেলায় এক মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে।

২৩ অক্টোবর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে ছিনতাই ও হত্যার ঘটনা ঘটে। প্রথমে বাংলা বাজারসংলগ্ন এলাকায় অটোরিকশাচালক আবদুল হককে (৪৫) হামলা করা হয়। এ সময় তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ২৪ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে ১৯ অক্টোবর একই ইউনিয়নের হরিপুর দীঘিতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে শাহ কফিল উদ্দিন (৫৬) হামলার শিকার হন। ছয় দিন পর ২৫ অক্টোবর তার মৃত্যু হয়।

২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলায় একটি খামারের তালা কেটে সাতটি গরু চুরি হয়। অন্যদিকে জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনাও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এ পর্যন্ত জেলায় শতাধিকের বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

মহিপাল হত্যা মামলা ও পুলিশি ভূমিকা নিয়ে অভিযোগ
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট মহিপালে ছাত্র হত্যা মামলার চার্জশিট তৈরির প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে সরাসরি জড়িত আওয়ামী লীগের অনেক নেতাকে বাদ দেয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। মামলাটির শহীদ ওয়াকিল আহমেদ সাকিব হত্যা অংশের চার্জশিট তৈরির প্রক্রিয়ায় এ চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পরে একাধিক গোয়েন্দা সংস্থার নজরে আসার পর ওই মামলার চার্জশিট দাখিলের প্রক্রিয়া পিছিয়ে যায়। মহিপালের গণহত্যার ঘটনায় আহতদের করা মামলাতেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ফেনীতে যোগদানের পর পুলিশ লাইন মসজিদের ইমামকে বাদ দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বদলি ও পুলিশ সদস্যদের পদায়ন নিয়ে আলোচনা
সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপক তাণ্ডবের পর প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়। এ বদলিকে কেন্দ্র করে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

১৫ নভেম্বর বদলির আদেশের পরদিন ১৬ নভেম্বর ফেনী ছাড়ার আগে পরশুরাম ও ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করেন প্রত্যুষ কুমার। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহেরকে পরশুরাম থানায় এবং পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, প্রত্যুষ কুমার যোগদানের পর জেলার এই দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফেনীতে বদলির আদেশের সাথে সাথে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে তিনি সেখানে বদলি করিয়ে আনেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একইভাবে গোপালগঞ্জে বদলির আদেশের পর এসব পুলিশ সদস্যের মধ্যে মৃন্ময় বিশ্বাস, মো: আলামিন মিঞা, সাধন চন্দ্র দে ও পাপেল চন্দ্র শীলসহ অন্তত আটজনকে সোমবার ঢাকা রেঞ্জে বদলি করা হয়। তাদের গোপালগঞ্জে বদলির প্রক্রিয়া চলছিল।

অন্যদিকে, ফেনীতে যোগদানের পর তার অপছন্দের কয়েকজন পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করে দেয়ার অভিযোগও রয়েছে।

ওই সূত্র আরো জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রত্যুষ কুমার ছাত্রদলের জগন্নাথ হল শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি পরিচয়ে সরকারের সুবিধা ভোগ করেছিলেন। তবে পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ ও ফেনীতে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে সূত্রটির দাবি।

স্থানীয়দের মূল্যায়ন ও রাজনৈতিক বক্তব্য
ফেনীতে পাঁচ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মী শফিউল্লাহ রিপন বলেন, ‘গত ৫ মাসে আইনশৃঙ্খলার কোনো উন্নতির বদলে বরং অবনতি হয়েছে। জেলায় চুরি-ডাকাতি, ছিনতাই-চাঁদাবাজি অন্য সময়ের তুলনায় বেশি হয়েছে। উল্লেখিত সময়ের চিত্র দেখলেই বুঝা যায় ফেনীর আইনশৃঙ্খলা কেমন ছিল।’

ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম বলেন, ‘আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। বরং আমরা দেখেছি, বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনাগুলো বেড়েছিলো। যদি পুলিশ প্রশাসনের চেষ্টা আরো ভালো থাকতো তাহলে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হতো।’

এনসিপির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘খোলা চোখে দেখলে মনে হতে পারে যে ফেনীতে সফলতার পরিচয় দেয়া একজন এসপিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলার দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। এ ধারণাটি মূলত আওয়ামী লীগের তৈরি করা ন্যারেটিভ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কি জেনে শুনে আওয়ামী লীগের এই ন্যারেটিভে পা দিয়েছে? নাকি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে পোস্ট করানো, এসপি প্রত্যুষকে সফল এসপি হিসেবে তুলে ধরা, এরপর ডিসেম্বরকে সামনে রেখে তাকে গোপালগঞ্জে বদলি করা। ঘটনার আড়ালে অন্য কোনো পরিকল্পনা কাজ করছে না তো? এটি কি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের কোনো সুদূরপ্রসারী খেলা?’

জেলা বিএনপির একাধিক নেতার সাথে কথা বললেও তারা নাম প্রকাশ করে এসপি প্রত্যুষ কুমার মজুমদার সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।

তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনীর পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন খান বলেন, ‘এসপি প্রত্যুষ কুমার একজন পেশাদার ও মানবিক পুলিশ কর্মকর্তা। ফেনীতে কর্মকালীন সময়ে তিনি ব্যক্তিগত পর্যায়ে কারো ক্ষতি করেননি। জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে তিনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এ সময়ে চোখে পড়ার মতো ছিল না।’