তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্ত

আগামীকাল লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশার আমেজ বিরাজ করছে। 

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফর করবেন তিনি। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম লালমনিরহাট সফর। সরকার প্রধানের এই আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় ব্যাপক প্রশাসনিক তৎপরতা, রাজনৈতিক উদ্দীপনা ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহর জুড়ে সাজসাজ রব। রাস্তাঘাট ও সড়ক বিভাজক ধোয়া-মোছা, রং করা, প্রধান সড়কগুলোর ফুটপাত পরিষ্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। শহরকে দৃষ্টিনন্দন করে তুলতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দেয়া তথ্য অনুযায়ী, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী জেলার উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড সংশ্লিষ্ট তিনটি প্রধান কর্মসূচিতে অংশ নেবেন। তারমধ্যে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং মহেন্দ্রনগরে মডেল খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সাথে লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিশাল জনসভায় বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাট শহরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে ১৪ কিলোমিটার দীর্ঘ এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। 

দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফল করতে সাংগঠনিক তৎপরতা, প্রচার-প্রচারণা, ব্যানার ফিস্টুন, আনন্দ মিছিল ও বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় ত্রাণমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু ইতোমধ্যেই ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন কমিটির সাথে সভা করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের কাছে এই সফর শুধু দলীয় প্রধানের আগমন নয়; বরং জেলার উন্নয়ন, রাজনৈতিক কর্মকাণ্ডের গতি এবং স্থানীয় মানুষের দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

অপরদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন লালমনিরহাটবাসী। তারা দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে ওঠার এটিই বড় সুযোগ। বিশেষ করে বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধ, বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করা, শিল্পকারখানা ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হাসপাতাল, চিকিৎসক সঙ্কট ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা ও কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন জেলার সর্বস্তরের মানুষ।

লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জেলায় আগমন করবেন, এটা আমাদের, আমাদের দলের এবং সর্বোপরি অঞ্চলের মানুষের জন্য অনেক আনন্দের। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগের উন্নয়ন, বিমানবন্দরের মতো উন্নয়নের বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বের সাথে বিবেচনায় নেবেন। আমরা লালমনিরহাটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি তার আগমনের।’

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। বিশেষ করে বিপুল জনসমাগম এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনের স্থানগুলো এবং এর আশেপাশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক আন্দোলনকে সফল করা গেলে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’