
সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে সীমান্তরক্ষী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলবাড়ী বিজিবি-২৯-এর অধীন সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমান্ত অপরাধ দমনে কার্যক্রম শুরু করা হয়েছে। বিজিবি দায়িত্বপূর্ণ জেলার সদর, ফুলবাড়ী, বিরামপুর ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেয়া হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা সম্ভব হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ জামান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।’
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








