
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম এলাকায় দীর্ঘদিনের পানির সঙ্কট নিরসনে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মা ছড়ি আর্মি ক্যাম্প, সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প ও ট্যাংক স্থাপন করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বিনাজুড়িপাড়ায় সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব প্রতিকূলতা অতিক্রম করে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সব জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী সর্বদা নিঃস্বার্থভাবে জনকল্যাণে আপসহীন। বিনাজুরিপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানান, বার্মাছড়ি আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সৌরশক্তি চালিত এ পানির পাম্প ও ট্যাংক স্থাপনের ফলে বিনাজুরি পাড়া ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০০-১২০টি পরিবার নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবে। এর ফলে, দীর্ঘদিনের পানি সঙ্কট লাঘবের পাশাপাশি, এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা জানান, এ এলাকার মানুষ দীর্ঘদিন যাবত সুপেয় পানি থেকে বঞ্চিত ছিল। বিশেষত শীতকালে পানি সংগ্রহে তাদেরকে নানা ভোগান্তি পোহাতে হতো। এই সমস্যাটি সমাধানের চ্যালেঞ্জ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। সেনাবাহিনীর উদ্যোগে পানি সরবরাহ চালু হওয়ায় দীর্ঘদিন পর তারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সেনাবাহিনীর এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধনী অনুষ্ঠানে বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, বার্মাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, হেডম্যান, কারবারি, নাগরিক সমাজের প্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








