সড়ক দুর্ঘটনা
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ৩। নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজিচালক লিটন মিয়া ও যাত্রী আহসান উল্লাহ ছুট্টু। চালক লিটন মিয়া উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে এবং যাত্রী আহসান উল্লাহ ছুট্টু কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের কোরবান আলীর ছেলে। নিহত অপর যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চালক লিটন মিয়া মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাযোগে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-উ-১১-১৩৭১) পেছন থেকে সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক লিটন মিয়া নিহত হন। গুরুতর আহত হন দুই যাত্রী।

হাসপাতালে দুই যাত্রীর মৃত্যু

খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ গুরুতর আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী আহসান উল্লাহ ছুট্টু ও অজ্ঞাত অপর যাত্রীর মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার চালক লিটন মিয়ার মৃত্যু ও দুই যাত্রী গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে গুরুতর আহত আহসান উল্লাহ ছুট্টুর গ্রামের সম্পর্কীয় ভাগিনা ব্যবসায়ী মু. ফরিদুজ্জামান কুমিল্লা আধুনিক সদর হাসপাতালে দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শী হিসেবে সত্যতা নিশ্চিত করেছেন।

চিকিৎসক ও পুলিশের বক্তব্য

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, ‘সিএনজি অটোরিকশা চালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।’

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত চালকের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার শেষে থানায় নেয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’