
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়ার কর্মকর্তা ল্যাপটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
তিনি বলেন, ‘সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান চলমান রয়েছে।’
তিনি জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৭ নভেম্বর সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০টি একনলা বন্দুক, দুইটি এয়ারগান, দুইটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা
হয়। এছাড়া ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, ‘সরকারের সুস্পষ্ট নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








