চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৪
চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড় (শহীদ হাসান চত্বর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা শহরে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় কলম (৪৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরে চারজন আহত হয়েছেন। 

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড় (শহীদ হাসান চত্বর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনমজুর কলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার কছর আলীর ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ব্রিজের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে নেমে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি ইজিবাইক ও একটি বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী দিনমজুর কলমসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, আহত অন্য ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) আবু সাইদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’