জাতীয় বিশ্ববিদ্যালয়
ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা। নয়া দিগন্ত

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের মুখে সৃষ্ট চরম অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। 

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) রাতে ভাইস চ্যান্সেলর (ভিসি) কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত অফিস বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়। রাত ১১টা ২৩ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। 

এদিকে আন্দোলনকারীরা বিকেল ৩টার দিকে মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়ায় ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট পাঠানোর সময়ও এ অবরোধ অব্যাহত ছিল।

জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। রাত ১০টার দিকে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে তার কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তবে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বর্তমান বেতন স্কেলসংক্রান্ত দাবির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

ক্যাম্পাসে পাল্টাপাল্টি অবস্থান ও উত্তেজনা

এর আগে সোমবার সকালে আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তারা মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারী বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া করেন। পরে তারা অ্যাকাডেমিক ভবনের দিকে চলে যান।

রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন পাঠানোর সময়ও পাল্টা কর্মসূচিতে অংশ নেয়া ওই কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন অ্যাকাডেমিক ভবনে অবস্থান করছিলেন। অন্যদিকে আন্দোলনকারীরা মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান অব্যাহত রাখেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

এর আগে রোববার আন্দোলনকারীরা ভিসির কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। সোমবার দ্বিতীয় দিনের মতো ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পাল্টা কর্মসূচি ও পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। 

বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা মূল ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন।

আন্দোলনকারীদের অভিযোগ ও মূল দাবি

আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হলেও তারা দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বর্তমান বেতন স্কেলের সুবিধা থেকে বঞ্চিত। 

তাদের দাবি, প্রায় ১৪ বছর চাকরির বাইরে থাকার সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা থাকলেও বাস্তবে তারা এসব সুবিধা পাচ্ছেন না। বর্তমানে তাদের ২০১২ সালের বেতন স্কেল অনুযায়ী বেতন দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নকাজে বিপুল অর্থ ব্যয় করা হলেও তাদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। 

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও পুনর্বহাল ৯৮৮ জন তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ঘটনার প্রেক্ষাপট ও আইনি লড়াই

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তারা আইনি লড়াই চালান। 

২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুতদের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেন।

একই সাথে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং তাদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ন না করার নির্দেশনা দেয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া হয়।

সিন্ডিকেটের জরুরি সভায় তিন দিন অফিস বন্ধের সিদ্ধান্ত হলেও আন্দোলনকারীদের মূল দাবিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ফলে অফিস বন্ধের সিদ্ধান্তের পরও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন এবং আন্দোলনকারীদের সাথে কর্তৃপক্ষের সমঝোতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।