
নোয়াখালীর সদর উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী তাইবা ইলহাম নুহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা নুহা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
১ নম্বর চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী দুলালের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহত নুহার বাবা ইকবাল হোসেন সুমন। এ সময় বক্তব্য দেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সাবেক সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, চরমটুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহআলম সামিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, নুহা হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত হত্যাকারীকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়নি। একটি নিষ্পাপ শিশুর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে শনাক্ত করে গ্রেফতার করা না হলে বুধবার নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হবে।
বক্তারা আরো বলেন, নুহা হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ভবিষ্যতে যাতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উদয় সাধুর হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘নুহা হত্যার বিচার চাই’ ও ‘হত্যাকারীর ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








