
বর্ডার গার্ড বাংলদেশের জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের কষ্টি ও বেলে পাথরের তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ সময় মোমিন ইসলাম (৪৪) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিনাজপুরের ঘোড়াঘাট ও রংপুরের পীরগঞ্জ সীমান্তে এই বিশেষ অভিযান চালানো হয়। আটক মোমিন ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে।
জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানা এলাকার ছত্রা বাজারের পাশে একটি নির্জন টিনের ঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মজুত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে, ব্যাটালিয়ন সদরের ৩০ সদস্যের (২ জন নারী সৈনিকসহ) একটি দল এবং ঘোড়াঘাট থানা পুলিশ সেখানে যৌথ তল্লাশি চালায়।
অভিযানে ঘরটি থেকে ৯০ কেজি ওজনের একটি বেলে পাথরের শিলাখণ্ডাংশ, ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১৩০ কেজি ওজনের এসব নিদর্শনের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) আরো জানায়, উদ্ধার হওয়া নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সঠিকতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এছাড়া আটক আসামির স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে রংপুরের পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে জয়পুরহাট বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








