জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন : ভিসিসহ অবরুদ্ধ কর্মকর্তারা। নয়া দিগন্ত

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর চলমান আন্দোলন ও দাবি ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়েছে। ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তার কার্যালয়ে এ সভা চলছিল।

Advertisement

মূল ফটকে তালা, অবরুদ্ধ ভিসিসহ কর্মকর্তারা

বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারেনি এবং বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।

পাল্টা কর্মসূচি দিয়ে কোণঠাসা আওয়ামীপন্থীরা

আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি দেয়া আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে, বিশেষ করে অ্যাকাডেমিক ভবনে কোণঠাসা অবস্থায় রয়েছেন। সোমবার সকালে তারা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দিলে তারা অ্যাকাডেমিক ভবনের দিকে চলে যান। রাত ১১টায় এ প্রতিবেদন পাঠানোর সময়ও তারা অ্যাকাডেমিক ভবনে অবস্থান করছিলেন। অপরদিকে ভিসির কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা চলছিল।

আন্দোলনকারীদের দাবি ও অবস্থান কর্মসূচি

আন্দোলনকারীদের দাবি, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বেতন-ভাতায় বৈষম্যের শিকার এবং বর্তমান বেতন স্কেল থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় চললেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা ভিসির কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 
এর আগে রোববারও তারা ভিসির কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন এবং দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন।

সিন্ডিকেট সভা ও ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা করতে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। রাত ১১টায় প্রতিবেদন পাঠানোর সময় সভা চলছিল এবং সভায় কী সিদ্ধান্ত হয়েছে তা তখনো জানা যায়নি। 

অন্যদিকে, আন্দোলনকারীরা বস্তা ও পুরনো পত্রিকা বিছিয়ে ভিসি দফতরের সামনে কেউ শুয়ে, কেউ বসে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

প্রেক্ষাপট ও আদালতের নির্দেশনা

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তাদের পক্ষে দীর্ঘ আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয় এবং তাদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ন না করার নির্দেশনা দেয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের সুযোগ দেয়া হয়।