সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
রায়ের পর আসামি জামাল উদ্দিনকে কারাগারে নেয়া হয়। নয়া দিগন্ত

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুরে জামাল উদ্দিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে, রায়ে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমীন এ কারাদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মরহুম অহেজ উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের মজনু মিয়া ধান, পাট, গম ও ভুট্টার ব্যবসা করতেন। আসামি জামাল উদ্দিনের নগদ মুলধন না থাকায় ব্যবসার পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য ভিকটিম মজনু মিয়ার কাছ থেকে পর্যায়ক্রমে ১২ লাখ টাকা নেয়। ব্যবসার লাভের অংশ উভয় পক্ষ বণ্টন করে নিতেন। কিন্তু ছয়মাস যাবৎ আসামি জামাল উদ্দিন, ভিকটিম মজনু মিয়াকে তার প্রাপ্য টাকা ও ব্যবসার হিসাব না দেয়ায় উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। 

এমতাবস্থায়, আসামি জামাল উদ্দিন ২০১৬ সালের ২ এপ্রিল ভূট্টা কেনার কথা বলে মজনু মিয়াকে যমুনা নদীর মাইজবাড়ি চরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মজনু মিয়া আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন তার সন্ধান করে খুঁজে না পেয়ে, স্ত্রী রুপালি খাতুন অভিযুক্ত জামাল উদ্দিনের বিরুদ্ধে কাজীপুর থানায় অপহরণ মামলা দায়ে করেন। মামলার পর আসামি জামাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

পরে, আসামি জামাল উদ্দিন ভিকটিম মজনু মিয়াকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে যমুনা নদীর চর থেকে বালি মাটিতে পুঁতে রাখা মজনু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।