
খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বাঁশের সাঁকো নির্মাণে প্রায় চার হাজার গ্রামবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এ সাঁকোর মাধ্যমে নদী পারাপারের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দিকনির্দেশনায় বেতছড়ি দুই নম্বর হিল ভিডিপি প্লাটুনের উদ্যোগে এ সাঁকো নির্মাণ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের পাকুজাছড়া গ্রামে এ সাঁকো নির্মাণের কাজ শুরু করেন আনসার-ভিডিপির সদস্যরা।
বেতছড়ি দুই নম্বর হিল ভিডিপি প্লাটুনের এপিসি মো: খোরশেদ আলমের নেতৃত্বে সাঁকো নির্মাণ কাজে স্থানীয় বাসিন্দারাও অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাকুজাছড়া গ্রামের মানুষের যাতায়াতের প্রধান বাধা পাকুজাছড়া নদী। বর্ষা মৌসুমে নৌকাযোগে এ নদী পার হতে হয়। আবার শুষ্ক মৌসুমে পানি কমে গেলে হেঁটে নদী পারাপার করতে হয়। এতে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে তৈরি হয় নানা ভোগান্তি।
পাকুজাছড়া গ্রামের কারবারি লক্ষ্মী কুমার বলেন, ‘প্রতিবছর নিজেদের অর্থায়নে এ স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করতে হয়। গ্রামের মানুষকে চলাচল ও মালামাল পারাপারে অনেক কষ্ট করতে হয়।’
গ্রামের বাসিন্দা উত্তম কুমার বলেন, ‘নদী পারাপারে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করাও কঠিন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন নানা ভোগান্তির মধ্য দিয়ে নদী পার হতে হয়।’
মৃণালী চাকমা বলেন, ‘আমরা এখানে একটি স্থায়ী সেতু চাই। সরকারের কাছে আমাদের দাবি, মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে এখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।’
পাথর মনি চাকমা বলেন, ‘ছেলেমেয়েদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে সাঁকো থেকে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এতে অভিভাবকদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়।’
স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী বাঁশের সাঁকোর স্থলে পাকুজাছড়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন প্রায় চার হাজার গ্রামবাসী।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক বলেন, ‘আনসার ও ভিডিপি সদস্যরা সব সময় জনকল্যাণমূলক কাজে অংশ নেন। বাহিনী প্রধানের দিকনির্দেশনায় মানুষের উন্নয়নমূলক কাজসহ যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়াই। এরই ধারাবাহিকতায় পাকুজাছড়া গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








