
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ, বিশৃঙ্খলা ও সড়ক অবরোধের চেষ্টা মোকাবেলায় মাঠে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য।
সোমবার (১৬ নভেম্বর) কোনাবাড়ী বিসিক শিল্পাঞ্চল, যমুনা ও অনন্ত গার্মেন্টস ও এসএম গার্মেন্টস এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির সাথে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন তারা। এ সময় কয়েকটি স্থানে জমায়েত ও সড়ক অবরোধের চেষ্টা যৌথ বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে কোনাবাড়ী বিসিক শিল্পাঞ্চলের যমুনা গার্মেন্টসের সামনে শ্রমিকদের জমায়েতকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। যৌথ বাহিনীর তৎপরতায় সকাল ৯টার পর যমুনা ও অনন্ত গার্মেন্টস এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরে বিকেলে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এসএম গার্মেন্টস-সংলগ্ন এলাকায় আবারো লোকজনের জমায়েত ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়। এ সময় বিজিবি, শিল্প পুলিশ ও পুলিশের সাথে সমন্বয় করে আনসার সদস্যরা টহল ও পদযাত্রা পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীর তৎপরতায় জমায়েতকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এছাড়া গাজীপুরের নাওজোর থেকে চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের মধ্যবর্তী এলাকায় মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করা হলে আনসার সদস্যরা যৌথ বাহিনীর সাথে সতর্কতামূলক মাইকিং ও টহল পরিচালনা করেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৪ নভেম্বর থেকে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জানমালের নিরাপত্তা ও শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সাথে সমন্বিতভাবে আনসার সদস্যদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








