সিলেটে আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ টাকা উধাও
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ডিজিএম হিমাংশু আচার্য। নয়া দিগন্ত

সিলেটে দিলীপ কুমার দাশ চৌধুরী নামে এক আইনজীবীর সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ওই আইনজীবীর মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সোনালী ব্যাংক পিএলসির সিলেট কোর্ট বিল্ডিং শাখায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিমাংশু আচার্য এ তথ্য জানান।

ডিজিএম হিমাংশু আচার্য জানান, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সিলেট জেলা বারের আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর নামে থাকা সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার হিসাব থেকে নয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে অর্থ সরিয়ে নেয়া হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবগুলো ব্লক করা হয়েছে। ওই হিসাবগুলোর তথ্য পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আইনজীবী ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর অভিযোগ, ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তে অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ টাকা সরিয়ে নেয়া হয়েছে। এ নিয়ে অভিযোগ দেয়ার পর তদন্তে নামে ব্যাংক কর্তৃপক্ষ। 

ব্যাংকের আইটি টিমের তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি প্রথমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আইনজীবীর বিশ্বাস অর্জন করে। গত ৩ অক্টোবর ০১৩৪৬৯৫৪৪৬৮ নম্বর থেকে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে তার সাথে যোগাযোগ করা হয়। সরল বিশ্বাসে তিনি প্রয়োজনীয় তথ্য দিলে চক্রটি তার জাতীয় পরিচয়পত্র, ই-মেইল, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।

এরপর, গত ২ নভেম্বর সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করার কথা বলে তার সাথে যোগাযোগ করে প্রতারক চক্র। ব্যাংকের কল সেন্টার থেকে পরিচয় নিশ্চিত করতে যেসব তথ্য জানতে চাওয়া হয়, প্রতারকরা সেগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হয়। ফলে অ্যাপটি ইনস্টল করা হয়।

ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, এর পরপরই প্রতারক চক্রটি কৌশলে তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে কিউআর কোড ব্যবহার করে ওই ফোনের মাধ্যমেই বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়। ২ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে একাধিক লেনদেনে নয়টি ব্যাংক ও একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানের হিসাবে অর্থ সরিয়ে নেয়া হয়।

এর আগে, এ চক্র গত ৩ অক্টোবর তার বিকাশ হিসাব হ্যাক করে ২০ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা গ্রামীণফোনের মাইজিপি অ্যাপস ব্যবহার করে প্রতারক চক্র ব্যাংক থেকে তার মোবাইল নাম্বারে ক্ষুদেবার্তা আসা বন্ধ করে দেয়। ফলে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের বিষয়টি গ্রাহক জানতে পারেননি।

এদিকে, গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে এক ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা তুলতে পাঠান ড. দিলীপ কুমার। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তার হিসাবে কোনো টাকা নেই। পরে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে প্রায় ৪০ দফায় তার হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা সরিয়ে নেয়া হয়েছে।

ভুক্তভোগী আইনজীবী দিলীপ কুমার দাশ চৌধুরী জানান, তিনি কখনো কোনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি। আজীবন শুধু চেকের মাধ্যমেই ব্যাংকিং লেনদেন করেছেন। এমনকি তার হিসাব থেকে টাকা স্থানান্তরের বিষয়ে মোবাইল ফোনে কোনো এসএমএস বা বার্তাও পাননি।

এ ঘটনায় তিনি সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, ভুক্তভোগী আইনজীবীর ব্যাংক হিসাবের অর্থ যেসব হিসাবে স্থানান্তর করা হয়েছে, সেগুলো ভুয়া কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট হিসাবগুলো ইতোমধ্যে ব্লক করা হয়েছে এবং সেই হিসাবগুলোর বিস্তারিত তথ্য পুলিশের কাছে দেয়া হয়েছে।