
মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনীতি ও অবকাঠামোগত অগ্রগতিতে বড় অবদান রাখছেন আবাসন ব্যবসায়ীরা। তবে রাষ্ট্রের উন্নয়নের এই সহায়ক শক্তি অনেক ক্ষেত্রেই যথাযথ সম্মান ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর তা’মিরুল উম্মাহ মাদরাসা প্রাঙ্গণে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের ২৫ বছর পূর্তি উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবাসন খাতের অবদান ও ব্যবসায়ীদের মূল্যায়ন প্রসঙ্গ
অনুষ্ঠানে আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, ‘আবাসন ব্যবসায়ীরা শুধু ব্যবসা করছেন না, বরং মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসস্থানের ব্যবস্থা করে রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা রাষ্ট্রের উন্নয়নের সহায়ক শক্তি। অথচ অনেক ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীরা যথাযথ সম্মান ও মূল্যায়ন পান না।’
ইনসাফ হাউজিংয়ের রজতজয়ন্তী ও সততার প্রশংসা
প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তির সাফল্যে শুভেচ্ছা জানিয়ে ড. আলী আফজাল আরো বলেন, ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স নামের মধ্যেই ইনসাফ বা ন্যায়ের বিষয়টি জড়িত। প্রতিষ্ঠানটি সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আখতার হোসেন মনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক।
এ সময় আরো বক্তব্য রাখেন
গোল্ড সিলভার গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ
ইনসাফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোখলেছুর রহমান
কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য অতিথি
২৫ বছর পূর্তি এই উৎসব অনুষ্ঠানে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের পরিচালক, গ্রাহক এবং বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








