
একের অধিক নিকাহ রেজিস্টার (কাজী) নিয়োগের খসড়া প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্টাররা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হলে তাদের পেশাগত অধিকার, মর্যাদা হুমকির মুখে পড়বে। তাই প্রস্তাবিত খসড়া বিধান বাতিল করে বিদ্যমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন মুসলিম নিকাহ রেজিস্টার (কাজী) সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল আজিজ, সদর উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ডিমলা উপজেলা শাখার সভাপতি কাজী রুকনুজ্জামান বকুল, জলঢাকা শাখার সভাপতি মাহফুজার রহমান, সৈয়দপুর শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম, ডোমার উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কাজী জিগার আলী প্রমুখ।
অবস্থান কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন নিকাহ রেজিস্টাররা। দাবিগুলোর মধ্যে রয়েছে— বিদ্যমান অধিত্রে বহাল রেখে একাধিক কাজী নিয়োগের প্রস্তাবিত বিধান অবিলম্বে বাতিল, কোনো কাজী মৃত্যুবরণ বা অবসর গ্রহণ করলে তার যোগ্য ছেলেকে সরাসরি নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসাভিত্তিক ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বহাল রাখা, দলিল লেখকদের মতো শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি যৌক্তিক হারে বৃদ্ধি করা।
বক্তারা প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিকাহ রেজিস্টারদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় প্রস্তাবিত বৈষম্যমূলক খসড়া বিধান অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
তারা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসকাবের সামনে সমাবেশসহ সারাদেশে পরবর্তী কর্মসূচি পালন করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








