বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক
বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লবে কোমলমতি শিশু-কিশোরসহ এতো মানুষের রক্ত বৃথা যেতে পারে না।’

Advertisement

তিনি বলেন, ‘শুধু সংবিধান সংশোধনের জন্য এতো রক্ত দেয়া হয়নি। সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানকে ভালোবাসি। তার বাবা-মাকে সম্মান করি। তার মা বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী।’

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের শহীদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সীগঞ্জ জেলার সব সড়ক দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসাইন নূরানী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

এছাড়া আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুব মজলিসের মহাসচিব সোলাইমানি, মুন্সীগঞ্জ জেলা মহাসচিব মাওলানা মুফতি মুহাম্মদ অলিউল্লাহ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস ছাত্র আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মুন্সীগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, লৌহজং উপজেলা সেক্রেটারি আমিনুল ইসলাম আমিন, রিকাবীবাজার রামগোপালপুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, শ্রীনগর উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু সাঈদ বিক্রমপুরী ও মাওলানা মুফতি মুসফিকুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।